ভাদু আমার গরবিনী | মানভুমের ভাদু

ভাদু আমার গরবিনী ওগো ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমনি... ভাদ্রের বৃষ্টি শেষের মায়াজাল পেরিয়ে নতুন করে উদিত হওয়া সূর্যের রক্তিম আলোয় ভালো লাগা মাখা স্নিগ্ধতা বাঁকুড়ার ঐতিহ্যশালী পাঁচমুড়ার কুম্ভকার পাড়ায় ছড়িয়ে পড়েছে। লম্বা ঘোড়া, বোঙা হাতি মনসার ঘট, ষষ্ঠী পুতুলেরা মাটির দাওয়ায় ধৈর্য সহকারে ঠিক তাদেরই পাশে রঙিন কাঁচা মাটির ভাদু , লালপেড়া শাড়ী পড়ে, একগাল হাসি নিয়ে বসে রয়েছে। বাঁকুড়া জেলার পাঁচমুড়ার ভাদু পুতুল খুব বিখ্যাত। সাথে বিখ্যাত কুম্ভকার দা। চাকে ঘোরানো চোঙা উপর বসে থাকে ভাদু। চোঙাটিও কাঁচা মাটির তৈরি। ভাদুর দুই হাত প্রসারিত। রঙিন শাড়ি, কানে দুল, সিঁথিতে সিঁদুর, গলায় মালা, মাথায় মুকুট। আর সেই মুকুটে একাধিক চূড়া। গায়ের রং গোলাপি। প্রতিমার গোটা শরীরটাই হাতে টিপে তৈরি করা। শুধু মুখমণ্ডল ছাঁচের। ব্যতিক্রমী কয়েকটি প্রতিমা পুরোটাই ছাঁচে তৈরি করা। ভাদুর মধ্যে অনেকে সমৃদ্ধির প্রতীককে লক্ষ্য করে, তাই তার কাখে মা লক্ষ্মীর মতন ঝাঁপি। শিল্পীর হাতে ভাদু যেন ঘরের 'বেটিছা'। শিল্পীর হাতে মেয়ে ভাদু এক প্যাচ দিয়ে শাড়ি পরেছে। সিঁথিতে সিঁদুর। হাতের কব্জির গড়ন বিমূর্ত। কাঁখে কলসি। সরু তুলি দিয়ে বড়ো টানা চোখ আঁকা হয়েছে। যদিও এই ছোট্ট ভাদুটির মধ্যে প্রতিমার গাম্ভীর্যতার তুলনায় গ্রাম্য পুতুলের সরলতা খেলা করে যায়। শিল্পীর তৈরি ভাদু প্রতিমার কোলের মধ্যে বিরাজিত গোপাল। সম্ভবত সন্তান কামনায় ভাদুর এই মাতৃত্বের রূপ ধারন করে । ভাদুর কাহিনী লোকমুখে শোনা, বিরহের সুরে ভাদুর বিসর্জন কান্নার প্রতিশব্দ। ভাদুর মৃত্যু নিয়েও অনেক রহস্য রয়ে গিয়েছে। জনপ্রিয় জনশ্রুতি হচ্ছে যে পাত্রের সঙ্গে ভাদুর বিয়ে ঠিক হয়েছিল তার অকালমৃত্যু হয়। শোকগ্রস্ত ভাদু আত্মঘাতী হয়। আবার আরেক জনশ্রুতি থেকে জানা যায় ভাদু অন্ত্যজ শ্রেণির এক যুবককে ভালোবেসে ছিল। রহস্যজনক অবস্থায় সেই যুবকের মৃত্যু হয়। শোকে বিহ্বল ভাদু নিজের জীবন প্রদীপ নিজের হাতেই নিভিয়ে দেয়। আবার কেউ বলে ভাদুর বিয়ে হয়েছিল। তার অতি কৃষ্ণভক্তি সমাজ মেনে নিতে পারেনি। স্বামীর ঘর না করে সে মন্দিরে পড়ে থাকতো। সামাজিক গঞ্জনা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় ভাদু। ভাদুর প্রতিমা নির্মাণে এই সকল জনশ্রুতির উপাদান রয়ে গিয়েছে। সেই কারণেই ভাদু কখনও সধবা আবার কখনও আইবুড়ো। ভাদুর হাতে কৃষ্ণ তার দেবভক্তির প্রতীক। ভাদুর হাতে মা লক্ষ্মীর মতন ঝাঁপি আদতে কৃষিভিত্তিক সংস্কৃতির উপাদান। ভাদুর সিংহাসনে বসে থাকা তার রাজরক্তের সঙ্গে যোগের পরিচয় বহন করে। এত কিংবদন্তি ও জনশ্রুতির মাঝেও ভাদু হয়ে ওঠে সর্বহারা মানুষের মুক্তির সূর্য। মাননীয় সুব্রত বাবুর লেখা পড়ে যেটুকু জানা গেছিল। ভাদুরা তো গ্রামের মায়ের কোলে, নতুন শাড়ীতে, লাল সিঁদুরে এমন ভাবেই বেঁচে থাকে। বাড়িতে কন্যাসন্তান জন্মালে নতুন মেয়ের নাম রাখে 'ভাদু'। ভাদুরা এভাবে থাকে, মায়ের কোলের 'গরবিনী' হয়ে।

Comments